রংপুর অফিস
রংপুর মহানগরীর জলকর এলাকার উষা আইডিয়াল কিন্ডার গার্টেনের একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে স্থানীয়রা তাকে সকাল থেকে অবরুদ্ধ করে রাখে। স্থানীয়রা জানান, ওই স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছিল। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা মুখ না খুললেও ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী বুধবার বিষয়টি তাদের বাবা-মাকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। রংপুর মেট্রো পুলিশের কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর আলম যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।