নালিতাবাড়ীতে বালুর ঢিবি ধসে শিশুর মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

শুক্রবার দুপুরে নালিতাবাড়ীতে অপরিকল্পিতভাবে উত্তোলিত বালুর ঢিবি ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সোহান(৬)। আহত হয়েছে আরও তিন শিশু। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গোবিন্দনগর গ্রামের ছয়ানিপাড়ায় ভোগাই নদীর তীর সংলগ্ন রাস্তার পাশে নদী থেকে অপরিকল্পিত উপায়ে উত্তোলিত বালু উঁচু করে ঢিবি দেওয়া ছিল। ঘটনার দিন ওই গ্রামের রিকশাচালক আরিফুর রহমানের ছেলে সোহান তার সাথীদের নিয়ে খেলতে যায়। এক পর্যায়ে উপর থেকে ঢিবি ধসে পড়লে তারা বালুচাপা পড়ে। পরে আশপাশের লোকজন দ্রুত বালুচাপা থেকে চার জনকেই উদ্ধার করে। তবে সোহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।