প্রকৃতি মেলা উপলক্ষে বিভিন্ন স্থানে র্যালি

ইত্তেফাক ডেস্ক

চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে র্যালি বের করা হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

নেত্রকোনা:রাজুর বাজার কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে র্যালি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। র্যালিটি কলেজিয়েট স্কুল থেকে বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে প্রকৃতি মেলার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।

ময়মনসিংহ:প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত র্যালি ও আলোচনা সভা উদ্বোধন করেন মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল পরিবেশ বিজ্ঞানী লে. কর্নেল (অব.) ড. মো. শাহাব উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পরিবেশ কর্মী এএইচএম মোতালের প্রমুখ।

শেরপুর:প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং শেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে শেরপুর সরকারি কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এর আগে স্থানীয়ভাবে প্রকৃতি সুরক্ষা ও সচেতনতা সৃষ্টিতে অবদান রাখায় ১৭ জনকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

সাতক্ষীরা :‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই স্লোগানকে সামনে রেখে চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১৯ উপলক্ষে শুক্রবার সাতক্ষীরায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল আই দর্শক ফোরাম সাতক্ষীরার ব্যবস্থাপনায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাব থেকে এ র্যালি বের করা হয়।

চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিসতি, জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী প্রমুখ।