চট্টগ্রাম আবাহনী ৩ :২ ব্রাদার্স
স্পোর্টস রিপোর্টার
তিন খেলায় সাত পয়েন্ট হারানোর পর চট্টগ্রাম আবাহনী আবার জয়ের রাস্তায় উঠে এসেছে। সেই কবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে শুরু করেছিল। এরপর টানা তিন ম্যাচে দুই ড্র ও এক হার। অস্বস্তিতে ছিলেন চট্টগ্রাম আবাহনীর কোচ জুলফিকার মাহমুদ মিন্টু।
গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ৩-২ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দমবন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে এসেছে। তারপরও কোচ সন্তুষ্ট নন। কারণ তিনি যত কৌশলই খেলোয়াড়দের বাতলান না কেন, তারা মাঠে নেমে সেটা ভুলে যান। তার কথা ফুটবলারদের কম্পিউটারে দেখানো হয়, প্রতিপক্ষ আক্রমণে এলে ডিফেন্ডাররা কিভাবে ঘর সামাল দেবে। নিজেরা আক্রমণে গেলে কিভাবে রক্ষণ ভেঙে ঢুকতে হবে। কে কোথায় বল পজেশনে যাবে। তারপরও একই ভুল হচ্ছে মাঠে।
এখনকার খেলোয়াড়দের করুণ চিত্রই ফুটে উঠছিল আবাহনীর সাবেক ফুটবলার কোচ মিন্টুর কণ্ঠে। তারপরও হতাশ না হয়ে বাস্তবতা মেনেই কাজ করে যাচ্ছেন তিনি। তার দল চট্টগ্রাম আবাহনী ম্যাচ জিতলেও জয়টা সুঁতোর উপরে ঝুলছিল। কারণ চট্টগ্রামের দলটি এগিয়ে গিয়েছিল আত্মঘাতি গোলে ১-০। ডিফেন্ডার সাফির কারণে ব্রাদার্স পিছিয়ে পড়লেও ৩৩ মিনিটে মান্নাফ রাব্বীর গোলে সমতায় ফেরে ১-১।
ব্রাদার্সের হারের জন্য দায়ী তারা নিজেরাই। দেখা যায় কখনো গোল লাইনের উপর থেকে সুযোগ নষ্ট। না হলে এগিয়ে থেকেও নিজেদের ভুলে সর্বনাশ। কালকের খেলায়ও তাই ঘটল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে গোল হজম করে ব্রাদার্স। সুযোগ কাজে লাগায় চট্টগ্রাম আবাহনীর গাম্বিয়ান মামোদো বাহ ২-১। ৫৫ মিনিটে আবারও ব্রাদার্সের জালে বল চট্টগ্রাম আবাহনীর। মিডফিল্ডার কৌশিক বড়ুয়া গোলের সুযোগ কাজে লাগান ৩-১।
এর মধ্যেও ভাগ্য একবার উকি দিয়েছিল। পেনাল্টি পেয়ে গোল করেছিলেন ব্রাদার্সের ব্রাজিলীয়ান লিমা লিওনার্দো ২-৩। ব্যাস ওইটুকুই। অথচ ব্রাদার্সের আক্রমণভাগ খুব শক্তিশালী। কিন্তু দলটির ফুটবলাররা সেটা কাজে লাগাতে পারেন না। ব্রাজিলিয়ান এভারটন ও লিমা লিওনার্দো, পানামার জ্যাক, এরাই ব্রাদার্সের শক্তি হলেও ফায়দা তুলে নিতে পারছে না মাঠে।
সেই কবে মোহামেডানকে হারিয়েছিল, এরপর আর কোনো খবর নেই। শুধু হার আর হার। চার খেলায় ব্রাদার্স সেই জয়ে ৩ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রাম আবাহনী পাঁচ খেলায় দুটি করে জয় ও ড্রয়ে পেয়েছে ৮ পয়েন্ট।
আজকের খেলা
নোফেল-রহমতগঞ্জ। বিকাল ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
মুক্তিযোদ্ধা-বসুন্ধরা কিংস। বিকাল ৩টা,
শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম গোপালগঞ্জ।