রাফাল চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের ‘চোর’ বলে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার অভিযোগ, বিমানবাহিনীর ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন মোদী এবং সেই টাকা তিনি অনিল আম্বানিকে দিয়েছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ ভাবেই মোদীর বিরুদ্ধে কথা বললেন রাহুল। কংগ্রেসকে পাল্টা জবাব দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনও। খবর আনন্দবাজার পত্রিকার
নির্মলা বলেন, “সংবাদপত্রে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের প্রতিক্রিয়া ছাপানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেই নোটের জবাব দিয়েছিলেন পর্রীকর। তিনি বলেছিলেন, দুশ্চিন্তার কোনও কারণ নেই।” প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর সেই প্রতিক্রিয়া ছাপানো উচিত ছিল বলে লোকসভায় পাল্টা আক্রমণ করেন নির্মলা। তার আরও মন্তব্য, “গোপন স্বার্থেই এই ইস্যুকে বাঁচিয়ে রাখছে বিরোধীরা। তারা চায় না বিমানবাহিনী শক্তিশালী হোক।”
রাফাল চুক্তি নিয়ে তত্কালীন প্রতিরক্ষা সচিব জি মোহনের একটি নোট প্রকাশ্য আসে। এ দিন সেটাকেই হাতিয়ার করে সাংবাদিক সম্মেলন করে মোদীকে আক্রমণ করেন রাহুল। ২০১৫ সালের ২৪ নভেম্বরের ওই বিশেষ নোটে জি মোহন কুমার তত্কালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকরকে জানান, ‘‘পিএমও এ ব্যাপারে আলাদা ভাবে ফরাসি সরকারের সঙ্গে আলোচনা চালানোয়, দর কষাকষিতে অসুবিধা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ভারতের মধ্যস্থতাকারী দলের।’’ ‘দ্য হিন্দু’তে প্রকাশিত সেই নোট হাতে নিয়ে রাহুল বলেন, “অনিল আম্বানির কথা ভেবেই রাফাল নিয়ে আলাদা ভাবে তদন্ত চালিয়েছিলেন মোদী।” তার অভিযোগ, যে ৩০ হাজার কোটি টাকা হ্যাল-এর প্রাপ্য মোদী সেটা দিয়েছেন তার বন্ধু অনিল আম্বানিকে।
প্রতিরক্ষা সচিবের ওই রিপোর্ট উল্লেখ করে রাহুলের মন্তব্য, “তিনি এক বছর ধরে বার বার বলে এসেছেন রাফালে অভিযুক্ত মোদী, এই নোট প্রকাশ্যে আসার পর তা জলের মতো স্পষ্ট হল।” পাশাপাশি তার অভিযোগ, মোদী রাফাল নিয়ে আদালতেও মিথ্যা কথা বলেছেন। এর পরেই রাহুল মোদীকে কটাক্ষ করে বলেন, “এর থেকেই প্রমাণ হলো উনি একসঙ্গে চোর ও চৌকিদার।” রাহুলের প্রশ্ন, “রাফাল নিয়ে কার জন্য এমন সমান্তরাল আলোচনা চালিয়েছিলেন মোদী? আমার, আপনার জন্য নয়। তিনি অনিল আম্বানির জন্যই এ কাজ করছিলেন।”
সংবাদমাধ্যমে প্রকাশিত রাফালের রিপোর্ট নিয়ে কংগ্রেস হইচই করলেও তত্কালীন প্রতিরক্ষা সচিব জি মোহন কিন্তু এদিন অন্য কথা বলেন। সংবাদ সংস্থা এনএনআই-এর কাছে তার দাবি, সংবাদমাধ্যমের রিপোর্টের সঙ্গে রাফাল দামের কোনও সম্পর্ক নেই।