দুইজন নিহত,১৪ পুলিশ কর্মকর্তা আহত
এএফপি
হাইতিতে মুদ্রাস্ফীতির প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে অন্তত দুইজন নিহত ও ১৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এতে প্রেসিডেন্ট জোভেনেল মইসের পদত্যাগেরও দাবি জানায় হাজার হাজার বিক্ষোভকারী।
রাজধানী পোর্ট-অব-প্রিন্সে বিক্ষোভকারী জোসুয়ে লুইস জেউনো বলেন, ‘দুই বছর ধরে জোভেনেল খাবারের দাম কমানোর অঙ্গীকার করে আসছেন। কিন্তু আমি তার এই মিথ্যা আশ্বাসের উপর নির্ভর করে বসে থাকতে পারি না।’ বিক্ষোভকালে তিনি একটি চামচ দিয়ে থালা পেটাচ্ছিলেন। তিনি বলেন, ‘এই প্রেসিডেন্ট একজন মিথ্যুক। তাকে ক্ষমতা ছাড়তেই হবে।’ হাইতিতে গত দুই বছরে ১৫ শতাংশ মুদ্রাস্ফিতি ঘটেছে। এ সময়ের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মান দ্রুত হ্রাস পেয়েছে। দেশটির অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিসই আমদানি করা হয়। মুদ্রার মান হ্রাস পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়েছে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়া উলরিচ লুইমা বলেন, ‘আমরা এই অর্থনৈতিক মন্দার সঙ্গে পেরে উঠছি না।’