ইমাম ছাড়াই অ্যালাবামার মুসলিম বন্দির মৃত্যুদণ্ড কার্যকর

বিবিসি

ইমামকে ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকর হলো যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের মুসলিম বন্দি ডোমিনিক রয়ের। তার আইনজীবীদের আবেদনের পর একটি ফেডারেল কোর্ট মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু ওই আদেশের বিরুদ্ধে আপিল করে রাজ্য সরকার।

এরপর সুপ্রিম কোর্ট সেই আবেদনটি খারিজ করে দেওয়ার পর, বৃহস্পতিবার নির্ধারিত সময়েই প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। আদালতের কাছে রয়ের আবেদন ছিল যে, তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের সময় যেন খ্রিস্টান যাজক উপস্থিত না থেকে একজন ইমাম উপস্থিত থাকেন, যাতে তিনি নিজের ধর্মের একজন ইমামের কাছ থেকে ধর্মীয় নির্দেশনা এবং স্বস্তি অনুভব করতে পারেন।

এই আবেদনের পর ফেডারেল আদালত সাময়িকভাবে ওই দণ্ডাদেশের কার্যকারিতা স্থগিত করেন। তবে ওই আদেশের বিরুদ্ধে দ্রুত আপিল করে রাজ্য কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট ডোমিনিক রয়ের আবেদনটি খারিজ করে দেয়।

কার্যকর স্থগিত করে তিন বিচারকের প্যানেল বলেছিলেন, “রাজ্যের বিরুদ্ধে রয়ের শক্তিশালী দাবি রয়েছে।” এখানে সাংবিধানিক সমস্যাটি হলো যে, কোন খ্রিস্টান বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের সময় রাজ্যটি সেখানে নিয়মিতভাবে খ্রিস্টান যাজককে উপস্থিত থাকার অনুমতি দেয়। “কিন্তু একজন মুসলিম এবং অন্য ধর্মের বন্দিদের ক্ষেত্রে একই সুবিধা দিতে অস্বীকৃতি জানিয়েছে।”