পঞ্চগড় প্রতিনিধি
আহমদীয়া মুসলিম জামাতকে (কাদিয়ানি সম্প্রদায়) রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ তাদের তত্পরতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ। গতকাল শুক্রবার বিকালে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক এলাকা থেকে তাদের বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও মুসল্লীরা অংশ নেন। তাদের স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মুফতি আ ন ম আব্দুল করিম, সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, কার্যকরী সদস্য মাহমুদুল আলম, পঞ্চগড় ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি আব্দুর রহমান, পঞ্চগড় বাজার জামে মসজিদের খতিব হাফেজ মো. আবু বক্কর সিদ্দিক, হাফেজ মীর মোর্শেদ তুহিনসহ ইসলাম ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, কাদিয়ানি সম্প্রদায়ের অর্থের উত্স ও ব্যয় সরকারের নজরদারীতে আনা ও জাতীয় ও আন্তর্জাতিক প্রচার মাধ্যমে তাদের বিভ্রান্তিকর প্রচার বন্ধ করতে হবে।