জনতাকে যারা লুটেছে, তাদের জন্য ধরনায় বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিটফান্ড তদন্তে ওনার অসুবিধা কোথায়। কোথায় কোথায় ধরনা দেবেন। ওরা আমাদের ভয় পাচ্ছে। চৌকিদার এদের ছাড়বে না। গতকাল, শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরের জেলা জলপাইগুড়ির ময়নাগুড়িতে এক জনসভায় এভাবেই মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বললেন, বিজেপির স্থায়ী সরকার ছিল বলেই দীর্ঘদিনের অমীমাংসিত স্থলসীমান্ত চুক্তি বাংলাদেশের সঙ্গে হতে পেরেছে। মজবুত সরকার না থাকলে ছিটমহল বিনিময় হতো না। আর এরা? দুর্নীতি প্রকাশ করলে জোট করে। ভয় দেখানোর চেষ্টা করে। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। একজন চা-ওয়ালাকে এত ভয় কেন দিদির।
মমতাকে আক্রমণ করে মোদি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার কমিউনিস্ট পার্টির দ্বিতীয় সংস্করণ। সিপিএমের মতোই খুনখারাপির রাজনীতি করে। দিদি দিল্লি যাওয়ার জন্য মরিয়া। আর পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ চলছে। ত্রিপুরায় যা হয়েছে। পশ্চিমবঙ্গেও তাই হবে। সরকার উল্টে যাবে। হাজার হাজার গরিব মানুষের টাকা লুঠেছে যারা, তাদের বাঁচাতে নেমে গিয়েছেন দেশের মুখ্যমন্ত্রী। কলকাতায় দুর্নীতিগ্রস্ত ও দুর্নীতির মদতদাতাদের জন্য মঞ্চ করা হয়েছিল। এটা দেশের ইতিহাসে প্রথম। মমতাকে চ্যালেঞ্জ করে বলেন, যতই ধরনা দিন, কেউ বাঁচাতে পারবে না।
মমতার মহাজোটের প্রসঙ্গে বলেন, এই মহাজোটের কোনও নীতি নেই, দেশের জন্য কোনও দিশানির্দেশ নেই। এখানে অনুপ্রবেশকারীদেরও স্বাগত জানান, অথচ বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতাদের বাংলায় প্রবেশ করতে দেওয়া হয় না।
এরপরই জাতীয় কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, ওরা বলছে ক্ষমতায় এলে তিন তালাক চলতে দেবে। মুসলিম মহিলারা অত্যাচারিত হোক, এটাই ওরা চায়। মুসলিম মহিলারা অত্যাচারিত, কংগ্রেস দেখে নি। রাজীব গান্ধী শাহবানু মামলায় ভুল করেছিলেন। এবারও কংগ্রেস তাই করছে। এরপরই মমতার উদ্দেশ্যে মোদি বলেন, আপন তো মহিলা। তাহলে আপনি কেন তিন তালাক বন্ধের বিরোধিতা করছেন?
ভারতের প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষ চন্দ্রের জন্মভূমি। বহু স্বাধীনতা সংগ্রামীর জন্ম দিয়েছে। মমতার জুলুমের পরও তাই বাংলার কেউ ভয় পান না।
মোদি এদিন উত্তরবঙ্গে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন এবং একটি জাতীয় সড়ক প্রকল্পের সূচনা করে বলেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কেউ মানুষের কথা ভাবে না। দিদির আমলে বাংলায় দাদাগিরি চলছে।
উত্তরবঙ্গের বাসিন্দাদের উদ্দেশ্যে মোদি বলেন, আপনারা চা উত্পাদন করেন, আমি চা তৈরি করি। চায়ের সঙ্গে আপনাদেরও সম্পর্ক আমারও সম্পর্ক।