বিএনপি সংসদে না এসে চরম ভুল করছে :নাসিম

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, সংসদে না আসলে চরম ভুল করবেন। এ ভুলের সীমা থাকবে না। সংসদ বর্জন-বয়কট করে কোনো লাভ নেই। সংসদে এসে আপনাদের কথা বলুন। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘বর্ষীয়ান রাজনীতিক প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিত্বের সামনে সংসদে বক্তব্য রেখে ব্যাপক জনপ্রিয় নেতা হন সুরঞ্জিত সেনগুপ্ত। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির ব্যর্থতা অনুধাবন করতে হবে। এক বছর হয়ে গেলে তারা তাদের নেত্রীকে মুক্ত করতে পারলো না। তাদের আইনজীবী ও বিজ্ঞ ব্যারিস্টাররা এ জন্য দায়ী। আওয়ামী লীগ খালেদা জিয়াকে কারাগারে নেয়নি, তাকে কারাগারে নিয়েছে আদালত, তাকে মুক্তিও দিতে পারে আদালত। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সরকার এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। আমরা সব সময় চাই, বিরোধী দল শক্তিশালী হোক। শক্তিশালী সরকারি দলের জন্য শক্তিশালী বিরোধী দল বড়ই প্রয়োজন। 

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াত নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আদালতে    বিচারাধীন রিট মামলা নিষ্পত্তি হলেই স্বাধীনতাবিরোধী জামায়াত নিষিদ্ধ হবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, অ্যাডভোকেট আব্দুল বাসিত মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, বঙ্গবন্ধু একাডেমির হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।