সন্তোষ মালাকার
চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা সন্তোষ মালাকার (৬৫) মারা গেছেন। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়ে রেখে যান। বিকালে চাটমোহর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন,সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আ. হামিদ মাস্টার, পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাবেক পৌর মেয়র প্রফেসর আ. মান্নান প্রমুখ।
মো. আবু দাউদ মোল্যা
ফরিদপুরের মধুখালী পৌর সভার শ্রীপুর গ্রামে বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবু দাউদ মোল্যা (৭১) হূদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান। শুক্রবার বাদ জুমা শ্রীপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে শ্রীপুর কবরস্থানে লাশ দাফন করা হয়।
আব্দুল আজিজ হাওলাদার
পিরোজপুর শহরের প্রবীণ শিক্ষক ও সাবেক পৌর কমিশনার আব্দুল আজিজ হাওলাদার (৯৮) গতকাল শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে যান। মরহুম পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়ে দীর্ঘকাল ক্রীড়া, স্কাউটস ও গণিতের শিক্ষক ছিলেন। এছাড়া ১৯৮৪ সালে পিরোজপুর পৌরসভার কমিশনার নির্বাচিত হন।