শিক্ষা বাণিজ্য রুখে দেওয়ার প্রত্যয়

মানিকগঞ্জ প্রতিনিধি

‘লজ্জা আর অন্ধকারের প্রাচীর ভেদ করে এসো আলোর প্রদীপ জ্বালি’ এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা সংসদ গত ৭ ফেব্রুয়ারি  উপজেলার নয়াকান্দি বাজারসংলগ্ন মাঠে ১১তম উপজেলা সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও  কুইজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার সংখ্যাগত অনেক উন্নতি হয়েছে। কিন্তু গুণগতমান তলানিতে এসেছে, মানবিক আদর্শিক ও নৈতিক শিক্ষার অবস্থা ভাল নেই। এটি পুনরুদ্ধার করতে হলে ছাত্র ইউনিয়নকে আরো শক্তিশালী করতে হবে। শিক্ষা বাণিজ্য রুখতে হবে। ছাত্র ইউনিয়ন নেতারা এ সময় ‘পরিকল্পিত শিক্ষা চাই, বিকশিত জীবন চাই, ছাত্র বেতন শিক্ষা ব্যয় কমাও, সকল প্রকার গণপরিবহনে ছাত্র কনশেসন নিশ্চিত কর, রেল সংযোগসহ ২য় পদ্মা সেতু চালু কর, পদ্মা নদীর ভাঙ্গন রোধ কর শীর্ষক বিভিন্ন শ্লোগান দেন। এসব দাবি বাস্তবায়নে দুর্বার আন্দোলন গড়ার প্রত্যয় করেন তারা।

সভায় ছাত্র ইউনিয়ন শিবালয় উপজেলা সংসদের আহ্বায়ক অন্তর ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শিবালয় উপজেলা সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড সংকর প্রসাদ ভৌমিক, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক ডাকসু নেতা কমরেড হাফিজুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিক রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম আরজু, ছাত্র ইউনিয়নের সাবেক ডাকসু নেতা মুক্তিযুদ্ধের সংগঠক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল্লা খান, উদীচী জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার প্রমুখ।

সম্মেলনে অন্তর ইসলামকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক ও আহমেদ বাবু ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট শিবালয় উপজেলা কমিটি গঠিত হয়।