একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভা গঠনের পর সংরক্ষিত মহিলা আসনেও বিশাল চমক দেখালেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মনোনীত ৪১ জনের মধ্যে ৩৯ জনই নতুন মুখ। তালিকায় অধিকার কর্মী আরমা দত্ত ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা রয়েছেন। গতকাল শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় সংরক্ষিত আসনে ৪১ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে রাতে গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সব এমপি প্রার্থীর নাম ঘোষণা করেন। এবার সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্য থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোনো নেত্রী ঠাঁই পাননি। তবে দুটি আসনে এখনো প্রার্থীর মনোনয়ন ঘোষণা করা হয়নি।
আওয়ামী লীগ ঘোষিত সংরক্ষিত নারী আসন নির্বাচনে দলের এমপি প্রার্থীরা হলেন— কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা, বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর হোসনে আরা, গাজীপুর রুমানা আলী, ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম, নেত্রকোনা থেকে হাবিবা রহমান খান শেফালী, পিরোজপুর থেকে শেখ অ্যানি রহমান, টাঙ্গাইল থেকে অপরাজিতা হক, সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম, গাজীপুর থেকে শামসুন্নাহার, মুন্সীগঞ্জ ফজিলাতুন নেসা, নীলফামারী থেকে রাবেয়া আলীম, নরসিংদী তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান, ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা, ঢাকা থেকে নাহিদ ইজহার খান, ঝিনাইদহ থেকে খালেদা খানম, বরিশাল সৈয়দা রুবিনা মিরা, চট্টগ্রাম থেকে ওয়াসিকা আয়েশা খান, পটুয়াখালী থেকে কাজী কানিজ সুলতানা, খুলনা থেকে অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার, ঢাকা সুবর্ণা মুস্তাফা, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালী থেকে ফরিদা খানম, খাগড়াছড়ি থেকে বাসন্তী চাকমা, কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ, ফরিদপুর রুশেমা বেগম, কুষ্টিয়া থেকে সৈয়দা রাশিদা বেগম, মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহী থেকে সাবিনা আনজুম মিতা, কুমিল্লা থেকে আরমা দত্ত, খুলনা থেকে শিরিনা নাহার, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী, শরীয়তপুর থেকে পারভীন হক সিকদার, রাজবাড়ী থেকে খাদেজা নুসরাত, ঢাকা থেকে শবনম জাহান শিলা, চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার, নেত্রকোনা থেকে জাকিয়া পারভীন খানম, মাদারীপুর থেকে তাহমিনা বেগম, ঢাকা থেকে শিরীন আহমেদ ও জিন্নাতুল বাকিয়া।
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগের প্রাপ্ত আসন ৪৩টি। সেই হিসাবে এখনও দুটি আসনের মনোনয়ন বাকি রয়েছে। এ ২টি আসনে প্রার্থীর নাম আজ শনিবার ঘোষণা করা হতে পারে। এ ২টি আসনে ১৪ দলের শরিক কোনো দল থেকে দেয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে। নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ।
বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে মহিলা আসন বণ্টন করা হয়। প্রতি ৬টি আসনের বিপরীতে যে কোনো দল বা জোট ১টি সংরক্ষিত আসন পেয়ে থাকে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার ৫০টি সংরক্ষিত আসন বণ্টন করা হবে। এ দিকে ইসি সচিব জানিয়েছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি (জাপা) ৪টি, বিএনপি ১টি, স্বতন্ত্র ও অন্যান্য দুটি সংরক্ষিত আসন পাবে। বিএনপির এমপিরা শপথ না নেয়ায় তাদের প্রাপ্য একটি আসনে নির্বাচন স্থগিত থাকবে। বাকি ৪৯টি আসনে ৪ মার্চ ভোট হবে।