ফরমায়েশি বিরোধী দল গঠন সংসদকে কার্যকর করবে না বলে জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, সংসদ সদস্যদের স্বাধীন প্রাণবন্ত ভূমিকাই সংসদকে কার্যকর করবে।
গতকাল শুক্রবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের দুই দিনব্যাপী জাতীয় কমিটির সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। জাসদ সভাপতি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মীমাংসিত ফলাফল যারা অমীমাংসিত করতে চাচ্ছে তারা ষড়যন্ত্র-চক্রান্ত-অশান্তি-অস্থিতিশীলতার রাজনীতির বীজ নতুন করে বপন করছে। তিনি বলেন, নির্বাচনের মধ্যদিয়ে জামায়াত-বিএনপির দেশবিরোধী রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে। নির্বাচন ও রাজনীতির মাঠে পরাজিত জামায়াত-বিএনপি-ঐক্যফ্রন্ট ফাঁক-ফোকর দিয়ে পুনরুত্থানের কোনো সুযোগ যেন না পায় এজন্য সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, প্রফেসর ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, নাদের চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।