নোয়াখালীতে সেনাবাহিনীর গাড়ি খাদে, তিন সেনা সদস্য নিহত

নোয়াখালীর সুবর্ণচরে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে  খাদে পড়ে তিন সেনা সদস্য নিহত ও আরো ৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন সিলেটের সিপাই মামুন খোন্দকার, ফিরোজুল ইসলাম ও ফয়েজ উদ্দিন। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে সুবর্ণচর চেয়াম্যানঘাট সড়কের তোতার বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়াও বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত হয়েছেন আরো সাতজন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

নোয়াখালী: সুবর্ণচরের চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, কুমিল্লা সেনানিবাস থেকে সেনা সদস্যদের নিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি হাতিয়ার স্বর্ণদ্বীপ যাচ্ছিল। পথে একটি গাড়িকে অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১২ সেনা সদস্য আহত হন। দুর্ঘটনার পরপর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর চিকিত্সক তিনজনকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় নিহত ও আহত সেনা সদস্যদের হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে।

কোটালীপাড়া (গোপালগঞ্জ): গতকাল কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রামের গুচ্ছগ্রামে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়ি নিহত হয়েছেন। এরা হলেন- উপজেলার ভূতুরিয়া মোল্লাবাড়ি গ্রামের নাঈম মোল্লার স্ত্রী মানসুরা বেগম (২০) ও মানসুরার শাশুড়ি মুর্শিদা বেগম (৫৫)। আহত নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে। নাঈম বাগেরহাটের মোল্লাহাটে একটি মসজিদে ইমামতি করেন।

ডুমুরিয়া (খুলনা): মাটি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাসান সানা (৩৫) নিহত হয়েছেন। সাইকেলে চড়ে ডুমুরিয়ায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক আটক করা হলেও চালক পালিয়েছে।

চাটমোহর (পাবনা): বৃহস্পতিবার সন্ধ্যায় বালু ভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে চড়ইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে শিমুল হোসেন (৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। কাঁটাখালি-হরিপুর সড়কের পাশে খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ): উপজেলায় গতকাল পাবনা-ঢাকা মহাসড়কের মশিপুর কবরস্থানের কাছে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গিয়াস উদ্দিন (৬০) নিহত হয়েছেন। তিনি ইট কেনার জন্য তারগাছিতে যাচ্ছিলেন।

ঝিনাইগাতী (শেরপুর): গতকাল ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় লাল মিয়া (১০৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। হলদীগ্রাম চৌরাস্তা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আটোয়ারী (পঞ্চগড়): আটোয়ারীতে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এরা হলেন- মরিয়ম নার্সারীর মালিক মোঃ আবুল কালাম আজাদ (৫৫) ও তার দোকানের কর্মী সোনিয়া আক্তার (১৬)।

গোপালপুর (টাঙ্গাইল): গতকাল রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার গাঙ্গাইর বাসস্ট্যান্ডে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের এক যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতের নাম ফরহাদ হোসেন। তার বাড়ি ঘাটাইল উপজেলার খিলগাতি গ্রামে।