ভাষা শহীদ স্মরণে ৪১ ভাষায় গান গাইলেন দেশের শিল্পীরা

ইত্তেফাক রিপোর্ট

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে “বাজাও বিশ্ববীণা” শিরনামে বিশ্বের বিভিন্ন ভাষার সংগীত এবং নৃত্যালেখ্য অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালায় এই অনুষ্ঠানে ৪১টি ভাষার গান পরিবেশিত হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র পরিকল্পনায় অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেছে “ঢাকা সংস্কৃতিক দল” এবং নৃত্য পরিবেশন করেছে “ভঙ্গিমা ডান্স থিয়েটার”।

সংগীত পরিচালনা করেছেন ইয়াসমিন আলী এবং নৃত্য পরিচালনা করেছেন সৈয়দা সায়লা আহমেদ। যেসব দেশের ভাষায় গান গাওয়া হয় অনুষ্ঠানে সেই দেশগুলো হলো- মরক্কো, মালয়েশিয়া, শ্রীলংকা, রাশিয়া, নেদারল্যান্ড, নাইজেরিয়া, আফগানিস্তান, কম্বোডিয়া, নেপাল, মেক্সিকো, ইন্ডিয়া, মিয়ানমার, কিউবা, মোজাম্বিক, সিংগাপুর, ইন্দোনেশিয়া, ভানুয়াতু, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, ভুটান, ব্রুনাই, পাকিস্তান, ইউক্রেইন, ইতালি, জাপান, ব্রাজিল, ভিয়েতনাম, পাপুয়া নিউ গিনি, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, মিশর, ফিলিপাইন, ফ্রান্স, পূর্ব তিমোর, চায়না, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, ফিজি, জার্মানি, আমেরিকা ও বাংলাদেশ।