বাসসের ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের ইন্তেকাল

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ (৫৫) গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজিউন)। তিনি স্ত্রী, একমাত্র পুত্র এবং বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শাহরিয়ার শহীদ হূদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ নভেম্বর নগরীর একটি হাসপাতালে ভর্তি হয়ে করোনারি কেয়ার ইউনিটে চিকিত্সাধীন ছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া বাসস-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি গভীর শোক প্রকাশ করেছে।

শাহরিয়ার শহীদের মরদেহ আগামীকাল সোমবার সকাল পর্যন্ত এ্যাপোলো হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরে তার কফিন কর্মস্থল বাসস, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটে আনা হবে। তার দুই বোন বিদেশ থেকে দেশে ফেরার পর দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

শাহরিয়ার শহীদ খ্যাতিমান সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমসের সম্পাদক মরহুম একেএম শহিদুল হকের ছেলে এবং প্রয়াত ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদের ভাই। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য শাহরিয়ার শহীদ বহুবিধ প্রতিভার অধিকারী ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ ক’টি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন। কর্মজীবনেও রিপোর্টার হিসেবে শাহরিয়ার শহীদ রাজনৈতিক বিটসহ বিভিন্ন বিটে কাজ করেছেন। এক সময় তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কাজ করেন। তিনি অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাত্কার ভিত্তিক ৩০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন।