কানাডার আসন্ন কেন্দ্রীয় সরকার নির্বাচনে আরো একজন বাংলাদেশি প্রার্থীর খবর পাওয়া গেছে। তিনি হচ্ছেন কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পাওয়া সৈয়দ মহসিন। তার নির্বাচনী এলাকা মেট্রো ভ্যাঙ্কুভারের সোরি-নিউটন আসন।
ঢাকার মিরপুরের সাবেক সাংসদ এবং ঢাকা সিটির ডেপুটি মেয়র এস এ খালেকের পুত্র সৈয়দ মহসিন ১৯৯৩ সালে্র উপ-নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। প্রয়াত হারুন মোল্লার শূন্য আসনের উপ-নির্বাচনে তিনি কামাল মজুমদারকে হারিয়ে বিজয় অর্জন করেন।
তিনি ইত্তেফাককে বলেন, কানাডায় প্রথম নির্বাচন করলেও আমার রক্তে মিশে আছে রাজনীতি। ছাত্রজীবন থেকে রাজনীতি করেছি, উচ্চতর পড়াশোনা করেছি আমেরিকায়। এসব অভিজ্ঞতা এবার কাজে লাগাবো। আমার এলাকা সোরি-নিউটনের বর্তমান এম পি লিবারেল পার্টি একজন শিখ। তিনি চারবার নির্বাচিত হয়েছেন। নির্বাচনী আসনটি শিখ অধ্যুষিত। কিন্তু নানা কারণে বর্তমানে তিনি বিতর্কিত। ফলে শিখ সম্প্রদায়ের ভোটারেরা আমাকে সমর্থন দিচ্ছেন।
আগামী ২০ সেপ্টেম্বর কানাডার ৪৪ তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠিতব্য নির্বাচনে মহসিন ছাড়াও আরো পাঁচ বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রার্থী অংশ নিচ্ছেন। তারা হচ্ছেন- অন্টারিও প্রদেশের অশোয়া আসনে সরকারি দল লিবারেল থেকে আফরোজা হোসেন, টরন্টোস্থ স্কারবোরো সাউথ-ওয়েস্ট আসনে কনজার্ভেটিভ পার্টি থেকে মহসিন ভূইয়া, এনডিপি থেকে স্কারবোরো সেন্টার আসনে ফাইজ কামাল, আলবাট্রার এনডিপি থেকে খালিস আহমেদ তমাল এবং ক্যালগরি থেকে এনডিপির গুলশান আক্তার।
ইত্তেফাক/এসএ