পরীমণি শুটিংয়ে অংশ নিতে পারবেন কি না, জানালেন আইনজীবী

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি দীর্ঘ ২৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। পরীমণির আইনজীবী জানিয়েছেন, কোনও আইনি বাধা না থাকায় পরীমণি আবারও শুটিং শুরু করতে পারবেন। 

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে বলেন, ‘পরীমণি শুটিংয়ে যেতে পারবে, এখানে আদালতের কোন বাধা নেই। তিনি খানিকটা অসুস্থ, তবে সুস্থ হলেই তিনি অবশ্যই শুটিংয়ে ফিরবেন। আইন প্রয়োগকারী সংস্থা পরীমণির মামলায় চার্জশিট দাখিলের পর অভিনেত্রী আবারও জামিনের আবেদন করবেন বলে জানান সুরভী।’

তিন দফা রিমান্ডের পর জামিন আবেদনের শুনানি শেষে বুধাবার (৩১ আগস্ট) দুপুরে ৫০ হাজার টাকার আর্থিক মুচলেকায় জামিন আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।

এর আগে গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডের পরীমণির বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় বাসা থেকে সাড়ে ১৮ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ জব্দ করা হয়। ওই ঘটনায় র‍্যাব-১ এর কর্মকর্তা মো. মজিবর রহমান মাদক আইনে একটি মামলা করেন। ওই মামলায় গত ৫ আগস্ট পরীমণির চার দিনের ও গত ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। ওই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে মামলায় তৃতীয় দফা রিমান্ড আবেদনে গত ১৯ আগস্ট পরীমণির জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে গত ২১ আগস্ট পরীমনিকে কারাগারে পাঠানো হয়।

ইত্তেফাক/বিএএফ