সম্পর্ক রাখলেও তালেবানকে স্বীকৃতি দেবে না যুক্তরাজ্য

তালেবানের সঙ্গে ‘সরাসরি যোগাযোগ’ রাখলেও তাদের স্বীকৃতি দেবে না যুক্তরাজ্য, এমনটাই জানিয়ে দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দোহায় কূটনৈতিক সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এদিন দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অদূর ভবিষ্যতে তালেবানকে স্বীকৃতি দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা জরুরি।

তিনি আরও বলেন, তালেবানের সঙ্গে জড়িত থাকার প্রয়োজন ছিল। কিন্তু এই সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো তাত্ক্ষণিক পরিকল্পনা ছিল না যুক্তরাজ্যের। অদূর ভবিষ্যতে তাদের স্বীকৃতি দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে তাদের কথায় নয়, কাজে মূল্যায়ন করা হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান ভবিষ্যতে সন্ত্রাসবাদকে আশ্রয় দেবে না, মানবিক সংকট প্রতিরোধ করবে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করবে । আফগানিস্তানের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি অটল রয়েছে। আমাদের শুধু নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।

বর্তমানে কাবুল বিমানবন্দর পুনরায় চালু করতে তালেবানদের সঙ্গে কাজ করছে কাতার। একই সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি বলেন, কাবুল বিমানবন্দর পুরনায় চালু করতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আশা করছি খুব শিগগিরই আমরা এটাকে আবারো সক্রিয় করতে পাবো। অল্প সময়ের মধ্যেই আপনারাও সুসংবাদ পাবেন।

ইত্তেফাক/জেডএইচডি