মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্পকারখানায় ইরানি হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘ইরানি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, হামলায় প্রাথমিকভাবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সিভিল ডিফেন্সের কর্মীরা।
তবে হামলার শিকার শিল্পকারখানাটির নাম ও অবস্থান প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলার আগে দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
অন্যদিকে, হামলার পর দেওয়া এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে চালানো ওই হামলায় যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের দুটি নজরদারি ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশের পর এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, বাহরাইনের শেখ ইসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার দাবি, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে আছড়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের আগুনের সৃষ্টি হয়।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটি একাধিকবার হামলার শিকার হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে কয়েক সপ্তাহের বিরতির পর সেখানে তিনটি ড্রোন হামলাও চালানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
