মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফয়েজ আহমেদ (৫৯) নামে রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে চলন্ত অবস্থায় তার ব্যক্তিগত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সালওয়া সড়কের পাশে এক দেয়ালে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, প্রবাসী ফয়েজ রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম পাঠান পাড়া গ্রামের কবির আহমেদের বাড়ির মৃত নুরুল হকের পুত্র। নিহতের ভাইপো কাতার প্রবাসী মোহাম্মদ মোজাম্মেল জানান, গত বুধবার বিকালে সবজি সরবরাহের কাজে ব্যক্তিগত মাইক্রোবাসটি চালানোর সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে সালওয়া সড়কের পাশে দেয়ালে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ফয়েজের মৃত্যু হয়।
তিনি আরও জানান, বর্তমানে তার মরদেহ দোহার আল খোর হাসপাতালের মর্গে রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী পাঁচদিনের মধ্যে দেশে পৌঁছাবে তার মরদেহ।
নিহতের শ্যালক তৈয়ব আলী জানান, গত ত্রিশ বছর ধরে প্রবাস জীবনে আছেন ফয়েজ। বিবাহিত জীবনে তিনি দুই কন্যা ও দুই পুত্র সন্তানের বাবা। চলতি বছরের অক্টোবরে বড় মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্য দেশে আসার কথা ছিল।
চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/জেডএইচডি