টাঙ্গাইলে ভিমরুলের হুলে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলের সখিপু‌রে ভিমরুলের হুলে জুবায়ের (৮) ও নূর নবী (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে জুবায়ের এবং বিকেলে নূর নবীর মৃত্যু হয়। এরা হলেন- উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে জুবায়ের ও তার সহোদর ছোট ভাই জসীম উদ্দিনের ছেলে নূর নবী। সম্পর্কে শিশুরা চাচাতো ভাই। একই দি‌নে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


              
প্রতিবেশী আতিকুর রহমান তাহের বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কা‌ছে খেলা করছিল। এসময় ঝোপ-ঝাড়েরর মধ্যে থাকা ভিমরুল উড়ে এসে ওই দুই শিশুর গায়ে (হুল ফোটায়) কামড় দেয়। 

পরিবারের লোকজন জুবায়ের ও নূর নবীকে উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। শুক্রবার ভোর রাতে জুবায়েরের মৃত্যু হয়। এদিকে, নুর নবীকে শুক্রবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে জুবায়েরের জানাজা শেষে চিকিৎসারত নুর নবীরও মৃত্যুর খবর আসে। শুক্রবার সন্ধ্যায় নুর নবীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান বলেন, জুমার নামাজের পর আমি একজনের জানাজায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অন্য শিশুটিরও মৃত্যুর খবর পাই। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। 

ইত্তেফাক/এমএএম