চীন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার: তালেবান

চীনকে নিজেদের ‌সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেছে তালেবান। তারা জানিয়েছে, খাদ্যসংকট ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে থাকা আফগানিস্তানকে পুনর্নির্মাণ এবং সমৃদ্ধ তামার ভাণ্ডারকে কাজে লাগানোর জন্য বেইজিংয়ের দিকে তাকিয়ে আছে গোষ্ঠীটি। খবর প্রকাশ করেছে এনডিটিভি ও জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ইতালিয়ান এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, তারা চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ প্রকল্পকে সমর্থন করে। যেটি বন্দর, রেলপথ, সড়ক ও শিল্প পার্কের মতো বিশাল এক নেটওয়ার্কের মাধ্যমে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের সঙ্গে যুক্ত হয়েছে।

তিনি বলেন, চীন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তারা আমাদের জন্য একটি মৌলিক ও সূবর্ণ সুযোগ এনে দিতে পারে। কারণ, বেইজিং আফগানিস্তানে বিনিয়োগ ও পুনর্গঠনের জন্য প্রস্তুত।

আমাদের দেশে সমৃদ্ধ তামার খনি রয়েছে। এখন চীনের কল্যাণে সেগুলো পুনরায় চালু ও আধুনিকীকরণ করা যেতে পারে এবং তাদের মাধ্যমে বিশ্ববাজারে আমরা পণ্যগুলো পৌঁছে দিতে পারবো, যোগ করেন এই নেতা।

এর আগে গত মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীন আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে। আমরা তাদের কোনো কাজে হস্তক্ষেপ করবো না।

ইত্তেফাক/টিএ