পাঞ্জশিরের নিয়ন্ত্রণ কার হাতে?

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তালেবানদের দাবি, তারা এই এলাকা পুরো দখল করে নিয়েছে। কিন্তু বিদ্রোহীরা এ দাবি প্রত্যাখান করেছে। তারা বলছে, পরিস্থিতি কঠিন তবে এখনো পতন ঘটেনি।

রয়টার্স ও বিবিসি থেকে এসব জানা গেছে। এক তালেবান কমান্ডার রয়টার্সকে বলেছেন, আল্লাহর রহমতে আমরা পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছি। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পাঞ্জশির এখন আমাদের অধীনে।

তবে এই দাবি নিশ্চিত করা যায়নি বলে উল্লেখ করেছে বার্তা সংস্থাটি। এদিকে তালেবানদের দাবি উড়িয়ে দিয়েছেন বিদ্রোহীদের অন্যতম নেতা ও সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তিনি বিবিসিকে বলেছেন, কোনো সন্দেহ নেই যে একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা তালেবানদের আক্রমণের মুখে আছি। তবে আত্মসমর্পণ করব না, আমরা আফগানিস্তানের পক্ষে দাঁড়িয়েছি।

বিদ্রোহীদের আরেক নেতা আহমেদ মাসুদ রয়টার্সকে বলেছেন, পাকিস্তানি গণমাধ্যমে পাঞ্জশির পতনের খবর ছড়িয়ে পড়ছে। এটি একটি মিথ্যা।

কাবুলের উত্তরে অবস্থিত পাঞ্জশির প্রদেশটি আফগানিস্তানের সবচেয়ে ছোট প্রদেশগুলোর একটি। এখানের লড়াইয়ে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এসএ