হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

বানিয়াচঙ্গ উপজেলার পৈলারকান্দি গ্রামে মসজিদের টাকার হিসাব নিয়ে বিরোধের জের ধরে  দুই দল গ্রাম বাসীর সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার ওমর আলী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় টেঁটাবিদ্ধ মহিলাসহ আহত হয়েছেন আরও ১০জন। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় সরুফা বেগমকে (৪৫) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আহতদের মধ্যে ৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের রাজা মিয়ার পুত্র সাবেক ইউপি সদস্য ওমর আলীর সঙ্গে উল্লিখিত সময়ে মসজিদের টাকার হিসাব নিয়ে বাক-বিতণ্ডা হয় একই গ্রামের বর্তমান ইউপি সদস্য হারিছ মিয়ার। এক পর্যায়ে বিষয়টি নিয়ে তাদের দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঁশখালীতে পৃথক হামলা ও সংঘর্ষে ২২ জন আহত

 বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালী উপজেলার ৫ ইউনিয়ন শেখেরখীল, চাম্বল, শীলকূপ, পুঁইছড়ি ও সরলে গত শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৃথক পৃথক হামলা ও সংঘর্ষে অন্তত ২২ জন নারী-পুরুষ আহত হয়েছে। এদের মধ্যে ১৭ জনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাম্বল ইউনিয়নে সামাজিক বনায়নের গাছ কাটতে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে চাম্বল ইউনিয়ন বন বিভাগের বিএসএফ ফেডারেশন সমিতির সভাপতি শহীদুল ইসলাম তোতার চাচা মঞ্জুর হোসেন (৫৮)। শেখেরখীলের মৌলভী দোকান নামক স্থানে দানু সিকদার ও মীর আহমদ গ্রুপের মধ্যে ১৫ কানি জমি নিয়ে বিরোধে দুই গ্রুপে ১৭ জন আহত হয়েছে। পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার নোয়া পাড়ায়  চাষাবাদি জমির ক্ষেত গরু-ছাগলে খাওয়াকে কেন্দ্র করে কহিনুর বেগম নামের এক মহিলার হামলায় গুরুতর আহত হয়েছে কুলসুমা আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী। জায়গা-জমির বিরোধের হামলায় আরও আহত হয়েছেন শীলকূপ ইউনিয়নে ২ জন ও সরল ইউনিয়নে ১ জন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, হাসপাতালে আহতদের কয়েকজনকে দেখেছি। স্থানীয় বিরোধের কারণে সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাগুলোতে পুলিশি টহল রয়েছে।