লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়া উপজেলার চুনতি মুন্সেফ বাজারের পূর্বপাশে অবস্থিত বড়ুয়া পাড়ায় আগুন লেগে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লেগেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— সুধীর বড়ুয়া, রনধীর বড়ুয়া, স্বপন বড়ুয়া, রুপন কান্তি বড়ুয়া, মিলন বড়ুয়া ও দীপন বড়ুয়া। ক্ষতিগ্রস্তদের দাবি— আগুনে তাদের প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানা যায়, রনধীর বড়ুয়ার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা টিনের ছাউনিযুক্ত বাড়িতে ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে, আগুন লাগার খবর পেয়ে শনিবার সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম ও সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
মধুখালীতে ২টি বাড়ি ভস্মীভূত
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর ও রাজধরপুর গ্রামের দুটি বাড়িতে শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডে রান্না ও বসতঘর ভস্মীভূত হয়েছে। এ সময় ২টি ছাগল, ২টি ভ্যান, ঘরের মধ্যে থাকা ধান, চাউলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এতে উভয় পরিবারের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। শান্তিপুর গ্রামের রাকিবুল ও রাজধারপুর গ্রামের রউজ উদ্দিনের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যা অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।
রাউজানে চিকিত্সা সেবা
ও বৃত্তি প্রদান
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান এবং চক্ষুরোগ, খত্না, দন্তরোগ, ব্লাড গ্রুপিং, কর্ণছেদনের মাধ্যমে ২ দিনব্যাপী চিকিত্সা সেবা সম্পন্ন হয়েছে। উপজেলার মানবকল্যাণমূলক সংগঠন আসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্র ও শনিবার ২ দিনব্যাপী ১৬তম এই চিকিত্সা সেবায় ৬৪০০ জন নিবন্ধিত রোগীকে চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিত্সক দ্বারা বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ৭০০ জন রোগীকে চিকিত্সকের ব্যবস্থাপত্র অনুযায়ী চশমা বিতরণ, ৭২ জন রোগীকে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়।
গতকাল শনিবার সকাল ১১টায় নোয়াপাড়াস্থ সংগঠনটির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় ৫২ জন শিক্ষার্থীকে আয়শা-আসলাম স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।