জৈন্তাপুরে নিহত আলমগীরের লাশ ৬ দিনেও পায়নি পরিবার!

সিলেট অফিস ও জৈন্তাপুর সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুর সীমান্তের সিঙ্গারীপার এলাকায় নিহত আলমগীরের লাশ ৬ দিনেও ফেরত পাওয়া যায়নি। এদিকে, লাশ ফেরতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশিরা সীমান্তের ওপারের এক খাসিয়াকে আটক করলে পরিস্থিতি ভিন্ন খাতে মোড় নেয়। বাংলাদেশে আটক ওই খাসিয়াকে ফেরত পেতে সীমান্তের ওপারে খাসিয়ারা বাংলাদেশি দুই শ্রমিক আটক করে রাখে বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে গত শুক্রবার বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে উভয় দেশের আটকদের হস্তান্তর করা হলেও নিহত আলমগীরের লাশ ফেরত দেয়নি বিএসএফ।

এদিকে, লাশের অপেক্ষায় আহাজারি করছে নিহতের আত্মীয়-স্বজনসহ স্ত্রী-সন্তানেরা। জানা যায়, গত রবিবার সকালে সীমান্তের ওপারে ঝুম কাজে যায় বাংলাদেশি ৩ শ্রমিক। এসময় বাংলাদেশি শ্রমিক আলমগীর (২৮) নিহত হয় ও আরও দুই শ্রমিক আহত হয়। নিহত শ্রমিক জৈন্তাপুর উপজেলার নয়াখেল পূর্ব বালিদাঁড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে।

এ বিষয়ে সুরইঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার এমদাদ জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনায় আটক উভয় দেশের নাগরিকদের পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র কোম্পানি কমান্ডারের নিকট হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়েছে। তারা খোঁজ-খবর নিয়ে আমাদেরকে জানাবে।