বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর

আঙুলের চোট, টেস্টেও অনিশ্চিত সাকিব!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচটা বিষাদের ছবি হয়েই থাকলো সাকিব আল হাসানের জন্য। ফাইনালে তার নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। সবচেয়ে পীড়ার বিষয় হলো ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের অনামিকায় চোট পেয়েছেন সাকিব। বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা আর খেলতে পারছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।

যদিও চোটের ধরন বলছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজেও অনিশ্চিত সাকিবের অংশগ্রহণ। বলা চলে, নিউজিল্যান্ড সফরটাই শেষ হয়ে গেছে তার! বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরীর ভাষ্য, তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে সাকিবকে। শুক্রবার রাতে করা স্ক্যানে আঙুলে চিড় ধরা পড়েছে।

নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৩ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজ শেষ হবে ২০ ফেব্রুয়ারি। এরপর টেস্ট সিরিজ। প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট ৮ মার্চ ও তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ মার্চ। সাকিবকে বিশ্রাম দেয়া হয়েছে তিন সপ্তাহ। তারপর রিহ্যাব এবং ম্যাচের জন্য প্রস্তুত হওয়া। সিরিজের শেষ টেস্টের আগে ফিট হয়ে উঠতে পারেন এই বাঁহাতি।

গতকাল এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে ‘বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব বিপিএলের ফাইনালে ব্যাট করার সময় বাঁ হাতের অনামিকায় চোট পাওয়ায় এ মাসের  শেষদিকে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন। বিসিবির জ্যেষ্ঠ চিকিত্সক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ম্যাচের পর স্ক্যান করানোয় সাকিবের আঙুলে  চোট ধরা পড়ে। চোটগ্রস্ত জায়গাটি প্রায় তিন সপ্তাহের জন্য নড়াচড়া করানো যাবে না।’

বিপিএলের ফাইনালে ব্যাটিংয়ে ৫টি বল খেলেছেন সাকিব। থিসারা পেরেরার করা ইনিংসের একাদশ ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে বল লাগে তার গ্লাভসে। তখনই  চোট পান বাঁঁ হাতের অনামিকায়।

চোটের কারণে গতকাল মাশরাফি-তামিমদের সঙ্গে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চড়া হয়নি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। ওয়ানডে দলে সাকিবের বদলি কে হচ্ছেন, তা এখনও ঠিক করেনি বিসিবি। গতকাল জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘সিরিজ শুরুর আগে সাকিবের ছিটকে যাওয়া অবশ্যই বড় ধাক্কা। সাকিবের বদলি কে হবে তা এখনও ঠিক হয়নি। সেটি আগামীকাল (আজ) ঠিক হতে পারে।’

এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, একজন বাঁহাতি স্পিনারই পাঠাতে চান নির্বাচকরা। যেখানে আরাফাত সানি, নাজমুল অপু, তাইজুল ইসলামের নামই নাকি আলোচনায় রয়েছে। বিপিএলে ভালো করেছেন আরাফাত সানি। অভিজ্ঞ এই স্পিনার ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। তাইজুল ১৩, অপু ৯ উইকেট পেয়েছেন।

বিপিএলে চোট পেয়ে নিউজিল্যান্ড সফরের দল থেকে ছিটকে পড়েছেন তাসকিন আহমেদ। এবার সাকিবকেও হারালো বাংলাদেশ। গত বছরও বাঁ হাতের কনিষ্ঠার চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, টি-২০ সিরিজ, জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি তিনি। ফিরতে হয়েছিল এশিয়া কাপের মাঝপথেই।