গার্দিওলার বিশ্বাস
স্পোর্টস ডেস্ক
শেষ দুই মাসে দলের বাজে প্রদর্শনীর ফলে চেলসি কোচ মাওরিজিও সারি প্রশ্নবিদ্ধ হচ্ছেন। তবে এতো সমালোচনার মাঝেও তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে পাশে পাচ্ছেন ইতালীয় কোচ।
আজ রাতে চেলসির মুখোমুখি হবে সিটি। তার আগে সিটি কোচ দারুণ প্রশংসাই করলেন প্রতিপক্ষের। স্প্যানিশ কোচ মনে করেন ঠিক পথেই এগোচ্ছে চেলসি। তিনি এটাও বিশ্বাস করেন, ব্যতিক্রম এক মৌসুম কাটাচ্ছে লন্ডনের দলটি।
ইতালী থেকে বেরিয়ে এসে ইংল্যান্ডে শুরুটা বেশ ভালোই করেছিলেন সারি। ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজিত থেকেই প্রায় অর্ধেক মৌসুম পার করে ফেলেছিল তার দল চেলসি। নভেম্বরের শেষ দিকে ‘অপয়া ১৩’তে থামে তার দলের অপরাজিত যাত্রা। টটেনহ্যামের কাছে সেই হারের পর ঘুরে দাঁড়ালেও এরপর লেস্টার, ওয়াটফোর্ড, আর্সেনাল ও বোর্নমাউথের কাছে পরাজয়ের ফলে এখন শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করাই কষ্টকর হয়ে পড়ছে চেলসির জন্য। আর্সেনালের বিপক্ষে হারের পর যখন প্রকাশ্যে শিষ্যদের সমালোচনা করলেন সারি, ‘এটিই হতে যাচ্ছে তার শেষ মৌসুম’ এমন ফিসফাসে বাতাস ভারী হতে সময় নেয়নি ইংলিশ গণমাধ্যমে।
তবে গার্দিওলা ভিন্নমতই পোষণ করলেন। শিরোপার দৌড়ে উঠে আসার সামর্থ্য চেলসির আছে, এমনটাই মনে করেন তিনি। এমন এক দলের মুখোমুখি হবার আগে ম্যাচটিকে ফাইনালের তকমাও দিয়ে দিলেন সাবেক বার্সেলোনা কোচ। তিনি বলেন,‘যখন আপনি তাদের দলটা দেখবেন, তাদের খেলোয়াড় এবং তাদের বেঞ্চে চোখ দেবেন, এটা চেলসি না হয়ে পারে না! বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার-মিডফিল্ডার আছে সেখানে, তাদের ভালো গোলরক্ষকও আছে, রক্ষণভাগেও অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা পরিষ্কার জানে, তাদের কি করতে হবে। কালকে আমাদের জন্য চূড়ান্ত পরীক্ষা অপেক্ষা করছে।’
শেষ দুই মাসে বেশ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও সব ধরনের শিরোপায় টিকে আছে চেলসি। সব মিলিয়ে গার্দিওলা মনে করেন ব্যতিক্রম এক মৌসুমই পার করছে তারা। সিটি কোচ তাদের প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলেন,‘এই মৌসুমটি তাদের জন্য ব্যতিক্রম। কারাবাও কাপ, ইউরোপা লিগ এবং প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনা আছে তাদের, যদিও অনেকেই সেটা বিশ্বাস করতে চান না। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা আছে। যদিও তারা নয় পয়েন্ট পিছিয়ে কিন্তু অনেক ম্যাচ খেলা বাকি এখনো।’
তবে প্রতিপক্ষকে প্রশংসায় ভাসালেও আজ রাতে ঘরের মাঠ ইতিহাসে নিশ্চয়ই তার বিপরীত কিছুরই প্রতিফলন চাইবেন গার্দিওলা!