ওয়াসিফ রিয়াদ
সাত বছরের কঠোর পরিশ্রম তাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। কাজ করছেন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইবার এবং আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে। বলছিলাম ফ্রিল্যান্সার তরিকুল ইসলাম তুষারের কথা। তিনি অনলাইন মার্কেটপ্লেসগুলোতে মূলত সার্স ইঞ্জিন অপটিমাইজেশনের ওপর কাজ করছেন।
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের আমোদপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তুষারের। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথম জীবনের শিক্ষা সম্পন্ন করে গাইবান্ধা সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন তিনি। ২০১৩ সালে প্রথম ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার পর গুগোল এবং ইউটিউব ঘাটাঘাটি করে কিছু জিনিস রপ্ত করেন। তুষার বলেন, ‘শুরুতে কোনো কিছু বুঝতাম না। ইন্টারনেটে গুগোল, ইউটিউব ঘেটে ঘেটে শিখতে লাগলাম। কিন্তু সফলতার থেকে ব্যর্থতার ঝুলিটাই বড় হতে লাগল। এখনকার মতো তখন এতো কোর্সের ব্যবস্থাও ছিল না। অনেক ইচ্ছে ছিল ওয়েব-ডেভেলোপমেন্টের ওপর কাজ করব। কিন্তু সেটাতে খুব বেশি সফলতা না আসায় ডিজিটাল মার্কেটিংয়ের ওপর কাজ করতে থাকি। এরপর পর্যায়ক্রমে এসইওয়ের ওপর কাজ শিখে সেটির ওপর কাজ চালিয়ে যাই।’ বর্তমানে প্রতিমাসে তিনি অর্ধ লাখ টাকা ইনকাম।