নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের আধিপত্য নিয়ে দুই গ্রুপের বন্দুক ও টেঁটাযুদ্ধের পৃথক ঘটনায় ৫ জন নিহত, কয়েকজন নিখোঁজ ও শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর দেশের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর গতকাল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অবঃ) নজরুল ইসলাম হীরু বীর প্রতীক এমপি এবং রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মতিন ভূইয়া, রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, আনোয়ার হোসেন কমিশনার ও নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ। পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অবঃ) নজরুল ইসলাম হীরু বীর প্রতীক এমপি বলেন, রায়পুরার এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত্ এই হানাহানি ও মারামারি চলছিল। এ ঘটনাটি তারই একটা অংশ। আওয়ামী লীগ পরিবারের কেউ সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি তাত্ক্ষণিক রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেককে এ দাঙ্গায় সম্পৃক্ত আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে জেলা আওয়ামী লীগকে অবহিত করানোর নির্দেশ দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রায়পুরা ও নরসিংদীর চরাঞ্চলে যুগ যুগ ধরে গোষ্ঠী আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ চলে আসছিল। ইতোমধ্যে টেঁটার সঙ্গে আগ্নেয়াস্ত্র যুক্ত হয়েছে। আমরা দীর্ঘদিন চেষ্টা করে নরসিংদীর চরাঞ্চলের দাঙ্গা মীমাংসা করতে সক্ষম হয়েছি। রায়পুরার এ দাঙ্গাও একসময় শেষ করতে পারব ইনশাল্লাহ।