চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শিশু উদ্ধার:আইসক্রিম বিক্রেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গতকাল শনিবার দুপুরে হারিয়ে যাওয়া ৫ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হল-জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পীরপুকুর গ্রামের নাইমুল ইসলামের দুই ছেলে সাব্বির (৮) ও কাব্বির (৬), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৮), কালামের ছেলে ইসমাইল (৫) ও খালেকের ছেলে সেলিম (৬)। এ ঘটনায় সদর উপজেলার পলশা গ্রামের মোবারক আলী নামের এক আইসক্রিম বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সদর অফিসার ইন চার্জ (ওসি অপারেশন) ইদ্রিস আলী জানান, শনিবার বেলা ১১টার দিকে উদ্ধার হওয়া এসব শিশুদের অভিভাবকরা খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে থানায় জিডি করেন। এরপর অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে খবর আসে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর এলাকায় কয়েকজন শিশু এক আইসক্রিম বিক্রেতার কাছে কান্নাকাটি করছে। খবরটি পাওয়ার পর সেখান থেকে শিশুগুলোকে উদ্ধার করা হয় এবং আইসক্রিম বিক্রেতা মোবারক আলীকে আটক করা হয়। আটক মোবারক আলী শিশুগুলোকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কী না তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে ওসি ইদ্রিস বলেন, শিশুগুলোকে তাদের মা বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হবে।