চট্টগ্রাম অফিস
নিউজপেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) এর নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দীন। উদ্বোধক ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কর্নফুলী সম্পাদক আফসার উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, এডিসি জেনারেল হাবিবুর রহমান।
সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, নাগরিক হিসেবে আমাদের স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। তাহলে বন্দর নগরীকে সুন্দর পরিপাটি রাখা সম্ভব। আজকের দিনে মিডিয়া অনেক শক্তিশালী। মিডিয়ার কাছে সবাই চান বস্তুনিষ্ঠ সংবাদ। অন্যথায় সাধারণ জনগণ বিভ্রান্ত হতে পারেন।
আজাদী সম্পাদক এমএ মালেক বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব এশিয়ায় আগামী দশ বছরের মধ্যে সংবাদপত্রের ভবিষ্যত্ অন্ধকার বলে ঘোষণা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। চা, কোক, সেভেনআপ আমরা খেতে পারি, একটা সংবাদপত্র কেনার প্রতি আমাদের আগ্রহ নেই।
নিউজ’র সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবদুস শুক্কর, সাবেক সভাপতি জসীম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মুরাদ, আলমগীর হায়দার, নজরুল ইসলাম, তাপস নন্দী, সাফাউল হক রিয়াজ, রাজীব নন্দী, মনজুর মোর্শেদ, আকতার কামাল, মোতাহের হোসেন, ইসলাম মিয়া, সুবীর পালিত, আরিফ সাইফুল্লাহ, গোলাম মোস্তাফা প্রমুখ।