ভারত সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মঙ্গলবার নয়াদিল্লিতে সেদেশের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে বৈঠক করেছেন।
সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের সরকারি বাসভবনে বৈঠকে ড. হাছান মাহমুদ দু'দেশের যৌথ প্রযোজনায় নির্মীয়মাণ বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বায়োপিকের অগ্রগতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র নির্মাণ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
ড. হাছান মাহমুদ এসময় বিদেশি টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপন মুক্ত ক্লিন ফিড সম্প্রচারের বিষয়ে যে আইন রয়েছে, তা প্রয়োগের সিদ্ধান্ত ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে অবহিত করেন। শুভেচ্ছা স্মারক হিসেবে তার হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি অনুবাদ গ্রন্থ এবং নৌকা প্রতীক তুলে দেন ড. হাছান।
এদিন দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে নয়াদিল্লির সাউথ ব্লকে বৈঠক করেন। দু'দেশের মধ্যে জনযোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কোভিড পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও ডেপুটি হাইকমিশনার নূরাল আলম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসআই