বরিশাল অফিস
ঝালকাঠির সদর এলাকা থেকে অপহূত শিশু সাদিয়া বেগমকে (০৯) উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে অপহরণকারী রুমা মালাকারকে (১৮) আটক করা হয়েছে। র্যাব-৮ দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, অপহূত শিশু ঝালকাঠি সদর এলাকার মীরা বাড়ির বাসিন্দা মো. নূর আলমের মেয়ে। গত ০৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় নিজ বাড়ির পার্শ্ববর্তী ব্রিজের উপর থেকে শিশু সাদিয়াকে অপহরণ করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজ-খবর করার পর সাদিয়াকে না পেয়ে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বরিশালস্থ র্যাব-৮ দফতরে অভিযোগ দেয় তার পরিবার। এএসপি মুকুর চাকমা’র নেতৃত্বে বিকেল ৩টায় বাসস্ট্যান্ড থেকে শিশু সাদিয়াকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীকে আটক করে। রুমা বাগেরহাট জেলার শ্রীনগর গ্রামের বাসিন্দা সুভাষ মালাকারের স্ত্রী ও কাঁলাচাঁন মালাকারের মেয়ে। এ ঘটনায় ঝালকাঠি জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।