স্যার, আমি সাজাপ্রাপ্ত আমাকে গ্রেফতার করে জেলে পাঠান

ইত্তেফাক রিপোর্ট

শুক্রবার রাত ৯টা। সাভার মডেল থানার সবাই তখন দাপ্তরিক কাজে ব্যস্ত। এমন সময় হঠাত্ এক ব্যক্তি থানায় এসে ওসির (তদন্ত) রুমে ঢুকে বলতে থাকেন ‘স্যার আমি সাজাপ্রাপ্ত আসামি, আমাকে গ্রেফতার করুন এবং জেলে পাঠান’। একথা শুনে প্রথমে সবাই ওই ব্যক্তিকে পাগল মনে করে! কারণ কোনো সাজাপ্রাপ্ত আসামি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করতে এসেছে এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। পরে ওই ব্যক্তির কথা শুনে এবং গ্রেফতারি পরোয়ানার তালিকা দেখে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হন, আত্মসমর্পণকারী ওই ব্যক্তি সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার বাসিন্দা অছিল উদ্দিন (৪০)।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) সওগাতুল আলম বলেন, ২০০৭ সালে দিনাজপুর জেলার সদর থানার দ্রুত বিচার আইনের একটি ছিনতাই মামলায় ২০০৮ সালে ইমান্দিপুর এলাকা থেকে অছিল উদ্দিনকে গ্রেফতার করা হয়। দীর্ঘ তিন বছর জেল খেটে তিনি জামিনে বের হয়। কিন্তু পরবর্তীতে আর আদালতে হাজিরা দেয়নি। তার অনুপস্থিতিতেই আদালত ওই মামলায় তাকে চার বছর সাজা দেন। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

অছির উদ্দিন জানান, মামলার রায় হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাই স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন।