রংপুর অফিস
তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আজ সকালে “তিস্তা বাঁচাও আন্দোলন” এর উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ, রংপুর সরকারি কলেজের অধ্যাপক চিনু কবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সংগঠক আশরাফুজ্জামান মতিন, নিপীড়ন বিরোধী নারী মঞ্চের আহ্বায়ক নন্দিনী দাস, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সবুজ রায়, শ্রমিক নেতা রেদোওয়ান আহমেদ।
বক্তারা বলেন, ভারত কর্তৃক একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহারের কারণে গোটা উত্তরাঞ্চল মরুভূমির দিকে ধাবিত হচ্ছে। তিস্তায় পানি না থাকার কারণে কৃষি উত্পাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। হাজার হাজার হেক্টর ফসলের জমি লুকিয়ে যাচ্ছে। হাজার হাজার মত্স্যজীবী ও মাঝিরা বেকার হয়ে পড়েছে। তিস্তা পাড়ের জীবন প্রকৃতি ধংসের মুখে। নদীতে পানি প্রবাহ দুর্বল থাকায় বালুপড়ে নদীগর্ভ বালু দিয়ে ভরাট হচ্ছে। ফলে বর্ষাকালে নদীভাঙন ও বন্যার কবলে পড়ে হাজার হাজার একর জমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে, ফসল, ঘরবাড়ি, জনপদ ভেসে যাচ্ছে। বক্তারা আরো বলেন, ভারত সরকার একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করেছে।