উপজেলা পরিষদ নির্বাচন
ভ্রাম্যমাণ প্রতিনিধি
মহেশপুর উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরব। পক্ষান্তরে বিএনপি জামায়াত মাঠে নেই। আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীরা সংসদ নির্বাচনের পরপরই গণসংযোগ শুরু করেন।
এ পর্যন্ত চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন প্রত্যাশীর নাম জানা গেছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জুদ্দীন হামিদ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন ও স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, মহেশপুর উপজেলা চেয়ারম্যান পদে অনেকে মনোনয়ন প্রত্যাশী। জেলা থেকে চেয়ারম্যান পদে তিনজনের নাম প্রস্তাব করে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি মনোনয়ন পাবেন তার জন্য ভেদাভেদ ভুলে সবাই কাজ করবেন বলে তিনি জানান।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, উপজেলা নির্বাচনে সম্ভবত দল অংশ নিবে না। দলের বহুসংখ্যক নেতা-কর্মী গায়েবি মামলায় বাড়িঘর ছাড়া। কেউ মাঠে নামতে পারছে না। এ পরিস্থিতিতে কোনো নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় বলে তিনি জানান।