ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল শনিবার কলেজের প্রতিষ্ঠাতা এবং গভর্নিং বডির চেয়ারম্যান, আধুনিক দক্ষিণবাংলার রূপকার, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত। আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির উপজেলা আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সদস্য মো. মনিরুল হক জোমাদ্দার। এছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আবু জাফর, শিক্ষক হাসিনা বেগম, মো. জাকির হোসেন খান, খায়রুননাহার রুবী, বিশ্বাস সাইদুর রহমান, মুরাদ হোসেন, ওসমান গনি, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসিন মিয়া শাহীন, জেপি নেতা ফিরোজ চাপরাশি প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজ শিক্ষক মাওলানা আমিন খান।
প্রসঙ্গত; ১৯৪৪ সালের এই দিনে পৃথিবীতে আলোর দিশারী হয়ে জন্মগ্রহণ করেন তিনি। গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি। তিনি উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক, স্বাধীন পূর্ব বাংলার অগ্রদূত, কলাম লেখক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও নারী জাগরণের অনন্য মহীয়সী নারী মরহুমা মাজেদা বেগমের কনিষ্ঠ সন্তান।