পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

ইত্তেফাক ডেস্ক

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির কর্মকর্তাসহ পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

মেহেরপুর:মেহেরপুর সদরে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান শান্ত (৪০) নামের এক ওষুধ কোম্পানির কর্মকর্তা মারা গেছেন। আহত হয়েছেন তার স্ত্রী, শাশুড়ি, সন্তান ও মাইক্রো চালক। শুক্রবার রাতে উপজেলার আলমপুর ইটভাটার মাটি সড়কে পড়ে কাদা হওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারার আজিজুল ইসলামের ছেলে। তিনি এ্যালকো ফার্মাসিউটিক্যালস লি. নামের একটি ওষুধ কোম্পানির মেহেরপুর জেলা ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে মেহেরপুর শহরের ঘোষপাড়ায় বাড়ি নির্মাণ করে বসবাস করতেন।

আহত স্ত্রী শামিমা সুলতানা সাথী মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাকি আহতরা হলেন, শাশুড়ি মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সামসুন্নাহার, দুই বছর বয়সী ছেলে শির্ষ, মাইক্রো চালক আনন্দবাস গ্রামের আব্দুল আজিজের ছেলে টুটুল। আহতদের মধ্যে স্ত্রীর দুই উরু ও মাথায় এবং শাশুড়ির একটি পা কেটে পড়ে গেছে। তাদের দুজনকেই ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ:সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বাসচাপায় কটাই মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকালে দিরাই-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কটাই মিয়া দিরাই উপজেলার শরীফুর গ্রামের বাসিন্দা। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ:গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় সেবা সরকার (২১) নামে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সেবা সরকার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দলদলা গ্রামের বীরেণ সরকারের মেয়ে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জে বাস চাপায় কোরবান সরদার (১২) নামে এক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত কোরবান মালেক বাজার এলাকার প্রতিবন্ধী বিশেষ শিক্ষা স্কুল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রাক্ প্রাথমিকের ছাত্র।

দৌলতপুর (কুষ্টিয়া):দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় রহিদুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার আল্লারদর্গা বাজার এলাকার মৃত তাইজাল ইসলামের ছেলে।