মিয়ানমারে গোপন সফরে পাকিস্তানি সামরিক বাহিনীর প্রতিনিধিরা: ভারতীয় গণমাধ্যম

পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমারে গোপন সফরে ছিল বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে তারা।

বলা হয়েছে, চীন থেকে ইঙ্গিত পেয়েই মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য পাক সামরিক বাহিনী এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। সফরকালে বিমান মেরামত, রক্ষণাবেক্ষণ এবং নৌবাহিনীর যুদ্ধাস্ত্র বিষয়ে মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সামরিক সহযোগিতার প্রস্তাব দেয় পাকিস্তান।

পাকিস্তানে জোড়া লাগানো চীনা জেএফ ১৭ যুদ্ধবিমান ব্যবহার করে মিয়ানমার। এছাড়া, আরেক জেট টিজেএফ-১৭ উন্নয়নের কাজে যৌথভাবে যুক্ত ছিল ইমরান খানের দেশ। মিয়ানমার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে করাচিতে মাইন নিষ্ক্রিয়করণ কৌশল সম্পর্কে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা গেছে।

ইত্তেফাক/এসএ