বিরোধীয় জমি দখলের জন্য বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার অভিযোগ

আমতলী (বরগুনা) সংবাদদাতা

আমতলীর গুলিশাখালী গ্রামে সাবেক ইউপি সদস্য সামসুল হকের বিরুদ্ধে বিরোধীয় জমি দখলের জন্য মনোয়ারা বেগমকে(৬০) শুক্রবার গভীর রাতে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মনোয়ারা বেগম গুলিশাখালী গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের স্ত্রী।

মনোয়ারা বেগমের ভাই রাজ্জাক খান অভিযোগ করেন, মনোয়ারা বেগম ও অভিযুক্ত সামসুল হক সম্পর্কে সত্ মামা-ভাগ্নী। মনোয়ারা বেগম ও সামসুল হক পৈতৃক সূত্রে ৭১ শতাংশ জমির মালিক। জমির দখল বুঝিয়ে না দেওয়ায় এ নিয়ে তাদের মধ্যে ৪-৫ বছর ধরে বরগুনার দেওয়ানী আদালতে তিনটি ও আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে একটি মামলা চলছে। মামলার মধ্যে মনোয়ারা বেগমের বসতভিটাও রয়েছে। এতে প্রমাণ হয় জায়গা দখলে নেওয়ার জন্য সামসুল হক মৃধা আমার বোনকে পুড়িয়ে হত্যা করেছে।

এদিকে অভিযুক্ত সামসুল হক মৃধা ঘটনার সাথে জড়িত থাকার বিষয় অস্বীকার করে বলেন, আগুন পোহাতে গিয়েও মহিলা মারা যেতে পারেন। 

আমতলী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে বরগুনা পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় মো. শাখাওয়াত হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।