বগুড়ায় পুত্রের লাঠির আঘাতে পিতা খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া পূর্বপাড়া গ্রামে শুক্রবার দুপুরে পারিবারিক পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে বড় ছেলের লাঠির আঘাত ও  কিলঘুষিতে পিতা আব্দুস সাত্তার মোল্লা (৬৫) খুন হয়েছেন। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,  শুক্রবার দুপুরে উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া পূর্বপাড়া গ্রামের মৃত আলী মোল্লার ছেলে আব্দুস সাত্তার মোল্লার নিজস্ব পুকুরে তার ছোট ছেলে জহুরুল মাছ ধরতে নামে। এমন সময় তার বড় ছেলে জয়নাল সংবাদ পেয়ে তার স্ত্রীসহ লাঠিসোঁটা নিয়ে ছোট ভাই জহুরুলের সাথে বাক-বিতণ্ডা শুরু করে।  এক পর্যায়ে বড় ভাই জয়নাল ছোট ভাই জহুরুলকে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে। এ সময় তাদের পিতা আব্দুস সাত্তার বড় ছেলে জয়নালকে বাধা দিতে গেলে জয়নাল ও তার স্ত্রী আঙ্গুরা বেগমসহ আব্দুস সাত্তার মোল্লাকে লাঠিসোঁটা ও কিলঘুষি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়।

গাবতলী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল ও ওসি সেলিম হোসেন সংবাদ পেয়ে তাত্ক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।  পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গাবতলী থানার ওসি সেলিম হোসেন বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।