রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁ শহরের সেবাশ্রম সড়কে বলাকা ক্লিনিক নামের একটি ক্লিনিকে ভুল চিকিত্সায় রোগীর মৃত্যুর অভিযোগে উঠেছে।
লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি নওগাঁর রাণীনগর উপজেলার পোঁয়াতা গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী মোছাঃ শিল্পী (৩০) অসুস্থ অবস্থায় বলাকা ক্লিনিকে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষা করে শিল্পীর জরায়ুতে টিউমার হওয়ায় অস্ত্রোপচার করার পরামর্শ দেন ওই ক্লিনিকের চিকিত্সক মানজুদা খাতুন (পপি)। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে চিকিত্সক মানজুদা খাতুন রোগীর অস্ত্রোপচার করেন। এরপর থেকেই রোগীর অবস্থা খারাপ হতে থাকে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে ক্লিনিকের পরিচালক এনামুল হক রোগীকে বাঁচানোর জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে রোগীর স্বজনদের পরামর্শ দেন। এ পরিস্থিতিতে রোগীর স্বামী সাজ্জাদ হোসেন ও অন্য স্বজনরা প্রতিবাদ করেন। এক পর্যায়ে ক্লিনিক পরিচালক ও অজ্ঞাত আরও ৩-৪ জন ব্যক্তি জোর করে রোগীকে ক্লিনিক থেকে বের করে দেন। পরে নিরুপায় হয়ে রোগীকে নিয়ে তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানকার চিকিত্সকরা বলেন, শিল্পীর ভুল অস্ত্রোপচার হয়েছে। এতে রোগীর দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। গত ১৬ জানুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগীকে বাড়ি আনার দুইদিন পর গত ১৮ জানুয়ারি তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহত শিল্পীর বাবা সিরাজুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ করেছেন। একইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে সংশ্লিষ্ট চিকিত্সক ও ক্লিনিকের পরিচালকের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন সিরাজুল ইসলাম।
বলাকা ক্লিনিকের পরিচালক এনামুল হক বলেন, আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্য সম্পূর্ণ ভিত্তিহীন একটি অভিযোগ করা হচ্ছে। গত মাসের ৭ তারিখে যখন ওই রোগীর অস্ত্রোপচার হয়, তখন রোগীর স্বজনেরা কোনো অভিযোগ ছাড়াই তাদের রোগীকে রাজশাহীতে নিয়ে গেছেন। অথচ এখন তারা ভুল চিকিত্সার অভিযোগ করছেন। নওগাঁ সদর থানার পরিদর্শক ফয়সাল আহমেদ জানান, ভুল চিকিত্সায় রোগীর মৃত্যুর বিষয় সংক্রান্ত এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জন ডা. মোমিনুল হক বলেন, বলাকা ক্লিনিকে ভুল চিকিত্সায় রোগী মারা যাওয়ার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।