রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
রাজাপুরে সহযোগী বানানোর উদ্দেশ্যে জোর করে স্কুল ছাত্র মাইনুল ইসলামকে(১৩) মাদক খাইয়ে বেহুশ করার অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত মাদক সেবনকারীর বিরুদ্ধে। এ বিষয়ে রাজাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। স্কুল শিক্ষার্থী মাইনুল বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে। মাইনুল উপজেলার এমএস আলম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পূর্ব বাদুরতলা এলাকার মৃত আ. হাই মল্লিকের ছেলে।
মাইনুলের বড় ভাই স্কুল শিক্ষক বুলবুল আহম্মেদ জানান, উপজেলার পশ্চিম বাদুরতলা এলাকার মাদকসেবী রেজাউলকে মাদক সেবনের কারণে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে বহিস্কার করা হয়। রেজাউল বৃহস্পতিবার মাইনুলকে বিষখালী নদীর তীরে নিয়ে জোর করে মাদক সেবন করিয়ে চলে যায়। মাইনুল অজ্ঞান হয়ে পরে থাকলে স্থানীয়রা উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এক পর্যায়ে মাইনুল বমি করাসহ তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মাইনুদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।