জন্মদিন পালন করে জরিমানা দিলেন তাজিক পপ তারকা

পরিবার ও বন্ধু-বান্ধবের সাথে জন্মদিন উদযাপন করে জরিমানা দিতে হয়েছে তাজিকিস্তানের একজন জনপ্রিয় পপ তারকা ফিরুসা খাফিজোভা। তাকে তাজিকিস্তানের মুদ্রায় পাঁচ হাজার সোমোনি অর্থাত্ প্রায় সাড়ে পাঁচশ মার্কিন ডলারের এই জরিমানা দিতে হয়েছে দেশটির একটি অদ্ভুত আইনের কারণে।

জন্মদিন উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোষ্ট করেছিলেন খাফিজোভা, যেখানে তাকে এবং তার বন্ধুদের মঞ্চে নাচ-গান করতে দেখা যায়। আর এই অপরাধেই তাজিকিস্তানের রাজধানী দাশানবের এক আদালত এই দণ্ড দিয়েছে। দেশটির সংস্কার, প্রথা ও ঐতিহ্য বিষয়ক আইন অনুযায়ী, কেউ নিজের বাড়ির বাইরে জন্মদিনের আয়োজন করতে পারবেন না। খাফিজোভা আইন ভঙ্গ করার দায়ে দণ্ড পাওয়া বা জরিমানা দেওয়া প্রথম ব্যক্তি নন। দেশটির আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০১৮ সালে ৬৪৮ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ মার্কিন ডলারের মত জরিমানা আদায় করা হয়েছে।

মামলার শুনানিতে সরকারি কৌঁসুলি আইনটিকে জনগণের জন্য জরুরি বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এই আইনের উদ্দেশ্য হলো, মানুষ অপ্রয়োজনীয় আয়েশ বা বিলাসে খরচ না করে নিজের পরিবারের পেছনে অর্থ ব্যয় করবে।’ কিন্তু তাজিকিস্তানের অনেক নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আইনটির প্রতি অসন্তোষ ব্যক্ত করছেন। একে ‘আজব আইন’ বলে বর্ণনা করে অনেকেই লিখছেন, এটা মানুষের ব্যক্তিগত পছন্দ, এতে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয়। ফেসবুকে একজন প্রশ্ন তুলেছেন, ‘অর্থহীন এমন আইনের কী প্রয়োজন? আর এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্র?’ আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘জন্মদিন পালন করবেন? আপনি বরং দুর্নীতি দমন বিভাগের লোকজন, কর কর্মকর্তা এবং সরকারি কৌঁসুলিদের দাওয়াত দিন। তাহলে আর কোনো সমস্যা থাকবে না।’ খবর বিবিসি বাংলা

তাজিকিস্তানের এই আইন ২০০৭ সালে প্রণয়ন করা হয়। ২০১৭ সালে সংস্কার করে আইনটির পরিধি আরো বাড়ানো হয়। শুরুতে কেবল দেশটির সংস্কার ও ঐতিহ্য সংরক্ষণ এর লক্ষ্য ছিল, পরে বিবাহ, শেষকৃত্য এবং জন্মদিনও এই আইনে অন্তর্ভুক্ত করা হয়। বিয়েতে কতজন অতিথিকে দাওয়াত দেওয়া যাবে, কত পদের খাবার পরিবেশন করা যাবে, সেই বিষয়ে আইনে কঠোর বিধিনিষেধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই আইন করাই হয়েছে, যাতে মানুষ অতিরিক্ত ব্যয় না করে। তবে খোদ তাজিকিস্তানের মানবাধিকার কর্মীরা আইনটিকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করেন।