দুর্নীতির গুরুঠাকুর ভারতের প্রধানমন্ত্রী, ভাবতে লজ্জা হয়

মোদীর সমালোচনার জবাবে মমতার কটাক্ষ

‘চোরের মায়ের বড় গলা’ বলে নরেন্দ্র মোদীর তোলা দুর্নীতির অভিযোগ নস্যাত্ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে প্রধানমন্ত্রীকে ‘দুর্নীতির ঠাকুর্দা’ বলে অভিহিত করেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্র-বার উত্তরবঙ্গের সভায় মোদীর দেওয়া বক্তব্য শোনার পরে তিনি বললেন, ‘যিনি এসব বলছেন, তিনি নিজেই তো দুর্নীতির গুরু-ঠাকুর। কত বড় রাফাল-দুর্নীতি, সব বেরোচ্ছে। এত বড় দুর্নীতি-গ্রস্ত ভারতে জন্মায়নি। এই ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী, ভাবতে লজ্জা হয়। ওর মুখে জ্ঞানের বাণী শুনব না। ওর সেই অধিকার নেই।’

রাফাল সংক্রান্ত নথি প্রকাশ হওয়ার পর থেকেই তত্পর ছিলেন মমতা। এসএমএস চালাচালি হয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে। রাহুলকে মমতা জানান, এ নিয়ে সংসদের ভিতরে ও বাইরে একসঙ্গে লড়াই করবেন। বিকেলে মোদীর বক্তৃতার বিশদ খবর জেনে মমতার ক্ষোভ আরও বাড়ে। গত দুইদিন ধরে ব্যস্ত ছিলেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে। দুপুরে তা শেষ হয় এবং বিকেলে মোদীর বক্তব্যের জবাব দিতে সাংবাদিকদের মুখোমুখি হন। খবর আনন্দবাজার পত্রিকা

মোদীকে ‘মাডি’ (কর্দমাক্ত) বলে কটাক্ষ করে মমতা বলেন, ‘মাডি-সরকার ভীত, সন্ত্রস্ত। যারা ভয় পায়, তারাই তো ভয় দেখায়। বিরোধীরা একজোট হয়েছে বলে ওরা আরও ভয় পাচ্ছে। ভয় পেয়ে ভূরি ভূরি মিথ্যা বলছেন উনি। আর আমি মুখ খুলি বলে আমার বিরুদ্ধে বেশি আক্রমণ হচ্ছে। কী বলতে চায় ওরা? বিজেপিতে গেলে সত্ আর বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই দুর্নীতিগ্রস্ত।’ মমতার হুঁশিয়ারি, ‘মাডি আমাকে চেনেন না। আমি আপাদমস্তক মার খেয়ে, রাস্তায় লড়াই করতে করতে রাজনীতি করেছি। উনি এলেন কবে? কয়দিন রাজনীতি করছেন? ভয় দেখিয়ে আমার মাথা নোয়ানো যাবে না। সব বিরোধী দল এখন একজোট। লক্ষ্য একটাই, মোদী হটাও, দেশ বাঁচাও।’