প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আজ শুরু

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হচ্ছে। এবার দুটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন ও ইবতেদায়িতে তিন লাখ ১৭ হাজার ৮৫৩ জন। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে আজ ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। পরীক্ষার মোট সময় তিন ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর। মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে তিন হাজার ৬৩ ও ইবতেদায়িতে ২৩১ জনসহ মোট ৩ হাজার ২৯৪ বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে।

তথ্য অনুযায়ী, সারাদেশে সাত হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে দেশের বাইরে ১২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এবার পরীক্ষায় বহু নির্বাচনী  প্রশ্ন (এমসিকিউ) থাকছে না।

২০০৯ সালে  প্রথম  প্রাথমিক সমাপনী শুরু হয়। ইবতেদায়ি সমাপনী শুরু হয় আরও এক বছর পর। সেই অনুযায়ী দশম বারের মতো  প্রাথমিক সমাপনী ও নবমবারের মতো ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।