ব্রিটেনে চলছে বেক্সিট ঝড়। নিজ সিদ্ধান্তে অটল থাকা প্রধানমন্ত্রী থেরেসা মে’কে একটু নমনীয় করে ব্রেক্সিট চুক্তির খসড়ায় কিছু পরিবর্তন আনতে উদ্যোগ নিয়েছেন দেশটির পাঁচ মন্ত্রী। এ গ্রুপের সমন্বয় করছেন হাউস কমন্সের নেতা আন্দ্রেয়া লিডসম। তার সঙ্গে রয়েছেন, মাইকেল গোভ, লিয়াম ফক্স, পেনি মরডন্ট এবং ক্রিস গ্রেলিং। এ গ্রুপ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে। খবর:বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
কয়েক মাস ধরে আলোচনার পর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা গত বুধবার ব্রেক্সিট চুক্তির খসড়া নিয়ে একমত হন। প্রধানমন্ত্রী থেরেসা মে এ চুক্তিকে সবচেয়ে ভালো দাবি করে মন্ত্রী ও এমপিদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তবে এ চুক্তির বিরোধিতা করে ইতোমধ্যেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন মন্ত্রী। এমনকি প্রধানমন্ত্রী মে’র বিরুদ্ধে অনাস্থা ভোটের চেষ্টা হয়েছে। তবে প্রধানমন্ত্রী থেরেসা মে তার সিদ্ধান্তে অটল রয়েছেন। তিনি জানিয়েছেন, এ চুক্তিতে এমপিদের সমর্থন আদায়ের জোর চেষ্টা চালিয়ে যাবেন। তিনি ৫৮৫ পৃষ্ঠার যে খসড়া প্রকাশ করেছেন তাতে ব্রেক্সিট সম্পন্ন করতে ইইউ’কে কি পরিমাণ অর্থ দিতে হবে, নাগরিকদের অধিকার কি হবে তার বিস্তারিত রয়েছে। মন্ত্রীদের পদত্যাগ, এমপিদের বিরোধিতা ও অনাস্থা প্রস্তাবের মুখে মে’র পাশে দাঁড়ান কনজারভেটিভ পার্টির এমপি স্যার অ্যালান ডানকান। তিনি এমপিদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, নেতৃত্বকে চ্যালেঞ্জ জানালেও যুক্তরাজ্য মে’র চেয়ে ভালো চুক্তি করতে পারবে না।
এ টালমাটাল অবস্থায় এগিয়ে এসেছেন পাঁচ মন্ত্রীও। মে’র ব্রেক্সিট বিষয়ক খসড়া বিল নতুন করে তারা পরিবর্তন করতে পারবেন বলে আশা করছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন তারা। তারা জানিয়েছেন, শেষ মিনিট পর্যন্ত থেরেসা মে’কে চুক্তি নিয়ে আবারো আলোচনায় বসার জন্য রাজি করাতে চেষ্টা চালানো হবে। লিডসম বলেন, ব্রেক্সিটের থেকে সবচেয়ে ভালো একটি চুক্তি করতে তিনি প্রধানমন্ত্রী থেরেসা মে’কে সমর্থন দিয়ে যাবেন। তিনি বলেন, এখনো অনেক কিছুই করার রয়েছে। আমরা চেষ্টা করছি কারণ ইইউ কাউন্সিলের বৈঠক হবে এ মাসের শেষে।